চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হলো নতুন কমিউটার ট্রেন: ন্যূনতম ভাড়া ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:১২

যাত্রীসেবার মান বাড়াতে ও যাতায়াত সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন করে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মাত্র ২০ টাকা সর্বনিম্ন ভাড়ায় যাত্রীরা এখন এ রুটে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন চালু হওয়া ট্রেনগুলোর নাম রাখা হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে ৭টি করে কোচ রয়েছে।

ট্রেনগুলোর বিন্যাস ও আসনসংখ্যার মধ্যে শোভন শ্রেণি: ৫টি কোচে প্রতিটিতে ৬০টি করে মোট ৩০০টি আসন। এসএলআর কোচ: ১টি সিটিং কাম লাগেজ কোচে ৩৪টি আসন। পাওয়ার কার: ১টি। মোট আসনসংখ্যা: প্রতিটি ট্রেনে সর্বমোট ৩৩৪টি আসন রয়েছে।

যাত্রীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ট্রেনগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এরমধেধ্য ২২২ নম্বর ট্রেন: নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন: চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

২২৪ নম্বর ট্রেন: নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। ২২৩ নম্বর ট্রেন: চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

নতুন ট্রেন চালুর পাশাপাশি এ রুটে ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বে চট্টগ্রাম-নাজিরহাট রুটে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ে কর্মকর্তাদের প্রত্যাশা, নতুন এসব ট্রেন চালুর ফলে একদিকে যেমন যাত্রীসেবার মান বহুগুণ বাড়বে, অন্যদিকে রেলওয়ের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

নতুন ট্রেন চালুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় যাত্রীরা ও সাধারণ মানুষ। তবে এর পাশাপাশি তাঁরা নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণগঞ্জ, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের জোরালো দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, এই রেলপথটি সম্প্রসারিত হলে ফটিকছড়িসহ পার্বত্য ও সীমান্তবর্তী এলাকার লাখো মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে।

পাশাপাশি এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্প এবং সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। দ্রুত সম্ভাব্যতা যাচাই করে এই সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি