সংগ্রাম ও প্রত্যাবর্তনের পথ পেরিয়ে ৬২ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দোয়া ও মানবিক কর্মসূচিতে উদযাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৩২

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (২০ নভেম্বর) ৬২ বছরে পদার্পণ করেছেন।

দলীয় তথ্য অনুযায়ী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

পারিবারিক জীবনে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

দলীয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, তারেক রহমানের শিক্ষাজীবনের শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তৎকালীন ইংরেজি মাধ্যমের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল।

সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে অধ্যয়ন করেন।

বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর পাশাপাশি তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও গণ-আন্দোলনের পরিবেশ তাঁকে সক্রিয় রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত তথ্যমতে, ১৯৮৮ সালে পৈতৃক নিবাস বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়।

এর ধারাবাহিকতায় ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয় করেন তিনি।

সবকটি আসনেই দলের বিজয়ের মধ্য দিয়ে সাংগঠনিক ক্ষেত্রে তাঁর নেতৃত্বের প্রকাশ ঘটে বলে দলীয় সূত্রগুলো দাবি করে।

দলীয় ও সংবাদ সূত্রগুলোতে উল্লেখ করা হয়েছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হন।

পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ করে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।

সেদিন বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।

দেশে ফেরার পর চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই জয়লাভ করেন তারেক রহমান।

ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করলে তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় এবং গত ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সূত্রমতে, দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও উত্তর বারিধারা এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

পাশাপাশি এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি