চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সংগঠক শেখ ইরফান (২৫), চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. বাদশা (৩৬) এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. কামাল উদ্দিন (৪০) ও মো. ইসকান্দার (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনা এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার উপপরিদর্শক (এসআই) মো. শফি উল্লাহ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জারটেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পরে কর্ণফুলী থানায় গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৭) তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।


