চট্টগ্রাম নগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসায় পুলিশের তল্লাশি

খোঁজ মেলেনি কারও-কারণও জানায়নি পুলিশ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:৫০

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতার বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের পৃথক তিনটি এলাকায় এসব তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো নেতাকেই বাসভবনে পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কোতোয়ালী থানা-পুলিশের ১৫ থেকে ২০ সদস্যের একটি দল নগরের আন্দরকিল্লা এলাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসভবনে অভিযান চালায়।

এ সময় পুলিশ সদস্যরা বাড়িটিতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁর অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। পরে তাঁরা সেখান থেকে চলে যান।

একই রাতে নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনেও অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সেখানে তাঁর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের খোঁজে তল্লাশি চালানো হয়। তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি।

এ ছাড়া বুধবার রাতেই নগরের চকবাজার থানার পল্টন রোড এলাকায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনেও পুলিশ অভিযান চালিয়ে তল্লাশি করে বলে জানা গেছে। সেখানেও তাঁকে পাওয়া যায়নি।

পুলিশের একাধিক কর্মকর্তা তিন নেতার বাসভবনে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে, কিংবা নির্দিষ্ট কোনো মামলার তদন্তের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে কি না-সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি