অতীতে দুর্বৃত্তায়নের মাধ্যমে দেশের সম্পদ লুটপাটের কারণে সৃষ্ট ক্ষতির মাশুল এখনো প্রতিটি নাগরিককে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, অর্থনীতিকে অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত রাখার পুরোনো ব্যবস্থা ভাঙতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেন উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের টাইগারপাসের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত সরকারের সময়ের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, দুর্নীতির কারণে তৈরি হওয়া বিপুল ঋণের বোঝা, বিপর্যস্ত ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত পুঁজিবাজারের চাপ সামাল দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এর মধ্যেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি দুর্বৃত্ত চক্র এখনো সক্রিয় রয়েছে।
আমির খসরু বলেন, ‘এই চক্র চায় না বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের শীর্ষে পৌঁছাক কিংবা এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক। তাদের অপচেষ্টা প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয়; সরকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বড় পরিসরে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান অবকাঠামো নিয়ে সন্তুষ্ট থাকার সুযোগ নেই।
চট্টগ্রামকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ লজিস্টিকস হাব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
চট্টগ্রাম নিয়ে সরকারের উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে
বন্দর ও গভীর সমুদ্রবন্দর: চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে আন্তর্জাতিক মান ও দক্ষতা বাড়াতে বেসরকারি খাতের ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। নদীবন্দর হওয়ায় প্রাকৃতিক গভীরতার সীমাবদ্ধতা কাটাতে মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার ড্রাফটের গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরের পিএসএসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে টার্মিনাল সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
বিমানবন্দর ও কার্গো ভিলেজ: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের কাজ শিগগির শুরু হবে। পচনশীল পণ্য সংরক্ষণে সেখানে বিশেষায়িত কার্গো ভিলেজ ও কোল্ড চেইন স্টোরেজ নির্মাণ করা হবে।
ফ্রি পোর্ট সুবিধা: দুবাইয়ের জেবেল আলী ফ্রি পোর্টের আদলে চট্টগ্রামে ফ্রি পোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে, যেখানে আধুনিক ওয়্যারহাউস নির্মাণ করে আঞ্চলিক বাজারে লজিস্টিকস সেবা দেওয়া হবে।
শিল্পকারখানা ও বাণিজ্যের বিকাশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন আমির খসরু।
তিনি জানান, অতীতে তৈরি হওয়া সংকট নিরসনে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আনা হচ্ছে। পাশাপাশি মহেশখালীতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে একটি কোরীয় ও একটি জাপানি কোম্পানি যুক্ত হয়েছে।
বিগত সরকারের অপশাসনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ী সমাজের কাছে অন্তত দুই বছর সময় চান অর্থমন্ত্রী।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এক বা দুই দিনে সমস্যার সমাধান সম্ভব নয়. তবে আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে টেকসই ও স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে।
অর্থমন্ত্রী জানান, এডিবির সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তি হয়েছে, যার বড় অংশ চট্টগ্রামের বিমানবন্দর সম্প্রসারণ, লজিস্টিকস সেন্টার ও চট্টগ্রাম হেলথ সিটির মতো প্রকল্পে ব্যয় হবে।
এ ছাড়া সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাইকা, কোরিয়া, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) একাত্ম হয়েছে।
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত নীতিমালা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আগামী পাঁচ বছর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে কর্মসংস্থান সম্প্রসারণের আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
আয়োজকেরা জানান, এবারের বাণিজ্য মেলায় ২০টি বৃহৎ প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাঁদের পণ্য প্রদর্শন করছেন।
দর্শনার্থীদের জন্য ফুড জোন, মসজিদ ও শিশুদের জন্য দুটি প্লে-জোন রাখা হয়েছে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


