বেতন-ভাতা ও গ্র্যাচুইটির দাবিতে বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

বন্ধ ছিল কনটেইনার ওঠানামা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ২০:১৮

বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্বে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। এর মধ্যেই চাকরির পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তার অভিযোগ তুলে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাইফ পাওয়ারটেকের শ্রমিকেরা।

তাঁদের আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) কয়েক ঘণ্টা বন্ধ ছিল কনটেইনার ওঠানামার কার্যক্রম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকেরা ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নেন।

সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এনসিটি ও সিসিটির কয়েক শ শ্রমিক অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও।

শ্রমিকদের কর্মবিরতির কারণে জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রভাব পড়ে বন্দর থেকে কনটেইনার ডেলিভারি কার্যক্রমেও।

কনটেইনার নিতে এসে ভোগান্তিতে পড়েন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারীরা। আমদানিকারকদের চাপের পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে দুর্ভোগে পড়েন তাঁরাও।

শ্রমিকদের অভিযোগ, বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রক্রিয়ায় তাঁদের দীর্ঘদিনের চাকরির পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা অনিশ্চয়তার মুখে পড়েছে।

এসব পাওনার নিশ্চয়তার পাশাপাশি বেতন-ভাতা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দিতে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কাছে টার্মিনালটি হস্তান্তরের কথা রয়েছে।

অন্যদিকে চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রস্তাব নিয়েও এগোচ্ছে সরকার।

এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর টার্মিনালটির অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা নিয়ে প্রক্রিয়া চলছে।

এমন পরিস্থিতিতে চাকরির ভবিষ্যৎ, বকেয়া পাওনা ও আর্থিক সুবিধা নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সকালে শ্রমিকেরা আন্দোলন করেছিলেন। পরে তাঁরা কাজে ফিরে গেছেন। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের কর্মবিরতিতে কয়েক ঘণ্টা কনটেইনার ওঠানামা বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব পরিবর্তনের এই সময়ে শ্রমিকদের চাকরির পাওনা, গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধা কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়ে গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি