অস্ত্র হাতে নেটদুনিয়ায় ভাইরাল সেই শিবলু এখন পুলিশ হেফাজতে

আনোয়ারায় শ্বশুরবাড়ির গোপন আস্তানা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৪:৩৬

অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া, কিশোর গ্যাং দিয়ে এলাকা নিয়ন্ত্রণ আর সাধারণ মানুষের মাঝে আতঙ্কের নাম-মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’ (২৮)। তবে শেষ রক্ষা হয়নি তার।

আইনশৃঙ্ক্ষলা বাহিনীর নজর এড়িয়ে গা ঢাকা দিয়েও রেহাই পাননি। অবশেষে ভোরের আলো ফোটার আগেই শ্বশুরবাড়ির গোপন আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে শিবলুর একটি ভিডিও ছড়িয়ে পড়লে তিনি রাতারাতি আলোচনায় উঠে আসেন। ঘটনার পর কিছুদিন আত্মগোপনে থাকলেও পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী চক্রের রাজনৈতিক ছায়ায় এলাকায় ফেরেন তিনি।

তৈরি করেন নিজস্ব কিশোর গ্যাং। দেশীয় ধারালো অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিলেও প্রতিশোধের ভয়ে মুখ খুলতে সাহস পেত না কেউ। রাত নামলেই তার বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠত এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

ওই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ। শিবলু উক্ত মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি।

এখানেই শেষ নয়, আনোয়ারা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর দুই দফায় হামলার মূল হোতা (১ নম্বর আসামি) এই শিবলু।

সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইল ফোন ছিনতাই ও হেনস্তার অভিযোগও রয়েছে তার ও তার চক্রের বিরুদ্ধে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, শিবলুর কাছে অভিযানের সময় কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে আরও বিভিন্ন অপরাধের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

একই বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান নিশ্চিত করেন, বিশেষ অভিযান পরিচালনা করে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক নিয়মিত মামলা ঝুলছে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ ছাড়া অন্য কোনো থানায় তার বিরুদ্ধে নতুন মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি