ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
একই মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সে হিসাবে মামলার মোট ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে সাজা দিয়েছেন আদালত।
আর অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় বাকি ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান চাঞ্চল্যকর এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুকমীলা জামান ছাড়া ১০ বছর করে কারাদণ্ড পাওয়া বাকি ১৫ আসামি হলেন-মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়।
অভিযোগে বলা হয়, এরপর সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে পুরো ঘটনাটি ঘটে।
এ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামান ছাড়াও ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছিল।
মামলার বিচারিক কার্যক্রমে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


