গ্যাস সিলিন্ডারের ভেতরের গোপন প্রকোষ্ঠ। বাইরে থেকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই যে, এর ভেতরেই লুকিয়ে রাখা হয়েছে লাখ লাখ টাকার মরণনেশা। তবে শেষ রক্ষা হয়নি।
র্যাবের সুনির্দিষ্ট তল্লাশিতে উদঘাটন হলো সেই চাঞ্চল্যকর কৌশল, উদ্ধার হলো প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে অভিযান চালিয়ে এই বিশাল চালানটি জব্দ করে র্যাব-৭।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের উখিয়া থানার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিম (৪৭)।
র্যাব জানায়, কক্সবাজার থেকে সিএনজি অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান নিয়ে কয়েকজন কারবারি চট্টগ্রাম শহরের দিকে আসছে-এমন গোপন সংবাদ পায় তারা।
সংবাদের সত্যতা যাচাই ও চালানটি ধরতে আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড় এলাকায় তাৎক্ষণিক অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব-৭-এর একটি দল।
সন্দেহভাজন যানবাহন তল্লাশির একপর্যায়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।
অটোরিকশাটি থামতেই ভেতরের চালক ও আরোহী দ্রুত নেমে পালানোর চেষ্টা চালান। তবে উপস্থিত র্যাব সদস্যদের তৎপরতায় শফি আলম ও আবদুর রহিম হাতেনাতে ধরা পড়েন।
পরবর্তীতে সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে কোথাও কিছু না পেয়ে নজর যায় পেছনে থাকা গ্যাস সিলিন্ডারের দিকে।
নিখুঁতভাবে তৈরি সেই সিলিন্ডারের একপাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল স্কচটেপে মোড়ানো ২২টি বান্ডেল।
পরে সেগুলো খুলে একে একে গণনা করে বের করা হয় ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের কাছে চড়া দামে বিক্রির কথা স্বীকার করেছেন।
আটক আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য ও যানবাহন নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


