শুটিংয়ে যাওয়ার পথে সাদা পোশাকেই না ফেরার দেশে অভিনেতা সোহেল খান

মৃত্যুর আগের মুহূর্তগুলোর হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ১৫:০২

সাদা শার্ট আর সাদা প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন তিনি। নিচে অপেক্ষা করছিল শুটিং ইউনিটের গাড়িও। কিন্তু হোটেল কক্ষ থেকে বের হতেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন, আর ফেরা হলো না ক্যামেরার সামনে।

হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিং চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরে স্থানীয় টিএমএসএস (বেসরকারি) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল (বুধবার) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। সহকর্মীদের সঙ্গে বগুড়ার হোটেল মম ইনে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে তৈরিও হয়েছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর আগের মুহূর্তগুলোর হৃদয়বিদারক বর্ণনা দিয়েছেন একই সিনেমার সহ-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় লেখেন, একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন-এ। ছবির নাম ‘নসিব’। ড্রেস ছিল সাদা শার্ট, সাদা প্যান্ট-পুরোটাই সাদা।

ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান।

জয় আরও উল্লেখ করেন, পড়ে যাওয়ার পর তার মুখ থেকে রক্ত বের হতে দেখা যায়। সকাল ৯টার দিকে নাশতায় তিনি ড্রাগন ফল খেয়েছিলেন বলে সহকর্মীরা প্রথমে সেটির কোনো প্রতিক্রিয়া ভেবেছিলেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

দুই দশকের অভিনয় জীবন
প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন সোহেল খান। এরপর একক ও ধারাবাহিক-উভয় ধরনের টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা। পার্শ্বচরিত্র কিংবা গুরুত্বপূর্ণ চরিত্র-সবখানেই ছিলেন সাবলীল।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘বউয়ের জ্বালা’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’, ‘বীর’, ‘কেমনে কী!’ এবং ‘শান’।

বিশেষ করে ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের আলাদা নজর কেড়েছিলেন।

এ ছাড়া ২০২৫ সালের ঈদে মুক্তিপ্রাপ্ত শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় গ্যারেজ মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল খান।

সিনেমাটিতে সিয়াম আহমেদ ও শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, প্রতিটি চরিত্রেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন।

গুণী এই অভিনেতার আকস্মিক প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি