চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি বালুর মাঠের দখল ও ব্যবসা পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় এবার পাল্টা মামলা দায়ের করা হয়েছে।
ইট-বালুর এই ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উত্তাপ ও রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগের মামলার বাদী নুরুল আফছারকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখপূর্বক এই মামলাটি করেছেন মোহাম্মদ আইয়ুব আলীর স্ত্রী খুরশিদা বেগম। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা মামলা নম্বর ৩১/৪৫১। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৮৫, ৪২৭ ও ৫০৬ ধারায় দায়ের করা এই মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এনামুল হককে।
মামলার এজাহারভুক্ত আট আসামি হলেন-নুরুল আফছার (৬০), আবদুন নুর (৫০), মো. শাওন (৪০), মো. সজিব (৩৭), মো. সৌরভ (৩০), মো. দেলোয়ার হোসেন (৪০), মো. বেলাল (৩৫) এবং মো. মুন্না (৩০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী খুরশিদা বেগমের স্বামী মোহাম্মদ আইয়ুব আলী এস আলম কোম্পানির কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে কর্ণফুলী সিডিএ আবাসিক এলাকার প্রধান সড়কের পূর্ব পাশের বালুর মাঠে দীর্ঘদিন ধরে ইট, বালু ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল আফছারসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে আইয়ুব আলীর ভাড়াকৃত ওই মাঠে অনধিকার প্রবেশ করেন।
এ সময় হামলাকারীরা মাঠে থাকা ইট, বালু ও সিমেন্টসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল নষ্ট করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আইয়ুব আলী এতে বাধা দিতে গেলে তাঁর দোকানে ইট-বালু কিনতে আসা শাহাদাত হোসেন (৩৬) ও জিকু (৩৪) নামের দুই ক্রেতাকে মারধর করে জখম করা হয়।
হামলার একপর্যায়ে প্রধান আসামি নুরুল আফছার তাঁর হাতে থাকা ছোরা দিয়ে ক্রেতা শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তাঁর নাকে রক্তাক্ত জখম হয়।
এ ছাড়া ওই স্থানে ব্যবসা পরিচালনা করতে হলে নুরুল আফছারকে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে, অন্যথায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে এজাহারে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বরের ওই একই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এর আগে নুরুল আফছার বাদী হয়ে আইয়ুব আলী পক্ষের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করেছিলেন। ওই মামলায় সাতজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।
ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের এমন পাল্টাপাল্টি মামলা এবং পরস্পরবিরোধী অভিযোগে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
সংশ্লিষ্টদের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে।
এ বিষয়ে সিএমপির কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, পাল্টাপাল্টি মামলা হয়েছে। উভয় মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


