চট্টগ্রাম জেলা পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি এবং নিয়মিত তৎপরতার অংশ হিসেবে রাউজানে পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার সময় রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের বাচাইয়ের দোকান মোড় এলাকায় জগন্নাথহাট-ফকিরহাট সড়কে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে থানা পুলিশ।
গোপন তথ্য ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
তল্লাশিকালীন সময়ে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা।
তবে সংকেত মানার বদলে অটোরিকশার গতি বাড়িয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা চালান চালক মাসুদ রানা বাবু (২৬)। পুলিশের চৌকস দল মুহূর্তের মধ্যেই ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে মাসুদ রানা বাবুর দেহ ও হেফাজত তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও তাৎক্ষণিকভাবে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাউজান থানায় আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, মাদক ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের এই কঠোর ও নিরবচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


