back to top

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৫:৪৮

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে অবস্থিত হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি দোয়া ও মোনাজাত করেন।

ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।

তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের সমাধিসৌধের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান. জুলাই যুদ্ধের অন্যতম সেনানী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন তারেক রহমান।

এটা নিঃসন্দেহে রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞার পরিচায়ক।

বিএনপি মহাসচিব বলেন, আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার (তারেক রহমান) আগমন সমীকরণ সহজ করে দিয়েছে।

তিনি আসায় জাতীয়তাবাদী দর্শন সামনে এসেছে। জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপর্যুক্ত দর্শন জাতীয়তাবাদ। তারেক রহমান আসায় জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, দেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা দেশের জন্য নতুন দিকের সূচনা করবে। আমরা আশাবাদী, নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন নিঃসন্দেহে তারেক রহমান সবচেয়ে বেশি সফলতা লাভ করবেন।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা সোহেল রহমান বলেন, আমাদের নেতা আজকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমাদের ক্যাম্পাসে নেতা আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাবো।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান।