back to top

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে বরযাত্রী বাহী হায়েস, নিহত-১

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১০:৪৮

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী একটি হায়েস গাড়ি রাস্তার পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনায় ফাতেমা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে ১৫ জন বরযাত্রী নিয়ে হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর বিয়েতে যাচ্ছিল হায়েস গাড়িটি।

বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় পৌছালে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দরজা খুলে চালক লাফ দিয়ে নেমে যায়।

ঘটনাস্থলে ফাতেমা বেগম (৫৫) নিহত হয় ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় স্থানীয় বিএম হসপিটালে। এর আগে সড়কের পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার বসতঘরের উপর গাড়িটি তুলে দেয়ায় তাদের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে কোন তথ্য জানা নেই বলে জানালেন জোরারগঞ্জ থানার উপপরিদর্শক হাবিব। তবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে তিনি জানালেন।