back to top

বায়েজিদে ১৪০০ পিস ইয়াবা নিয়ে ধরা নারীসহ দুই মাদক কারবারি

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৩:৫৭

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রুবিগেইট সিএন্ডবি মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

গতকাল রবিবার দুপুর সোয়া ৩টার সময় নগর গোয়েন্দা বন্দর ও পশ্চিম বিভাগের একটি বিশেষ দল গোপন সোর্সের তথ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, বান্দরবান জেলার নাইক্ষংছড়ি বালুখালী ইউপির তুমব্রু পশ্চিমকুল গফুর মিস্ত্রির বাড়ির মো. আব্দুল গফুরের স্ত্রী ছাবেকুন নাহার (৪৫) কক্সবাজারের উখিয়া হলুদিয়া পালং রুমখাঁ বড়বিল পশ্চিম নুর আহাম্মদের বাড়ির নুর আহমেদের ছেলে মো. শফিউল বশর প্রকাশ আফসার উদ্দিন (২৬)।

অভিযানে দুজনের কাছ থেকে এক হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে।তবে সঙ্গীয় ফোর্সের তৎপরতায় তাদের দ্রুত আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন এসআই নিরস্ত্র মো. ইমাম হোসেন।তার সঙ্গে অভিযানে অংশ নেন এএসআই নিরস্ত্র মো. মেজবাহুল মাওলা, এএসআই নিরস্ত্র মো. রেজাউল করিম, কনস্টেবল মো. ফয়েজ উল্যাহ, মো. জাবেদ, মো. খলিলুর রহমান, মো. জুনায়েদ ভূঁইয়া, মো. গিয়াস উদ্দিন এবং নারী কনস্টেবল সাবিনা ইয়াসমিন ও আফরিন আক্তার।

এসআই মো. ইমাম হোসেন জানায়, ছাবেকুন নাহারের ডান হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে চারটি নীল রঙের বায়ুরোধক পলিব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি পলিব্যাগে ছিল ২০০ পিস করে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে মো. শফিউল বশরের পরনের নীল রঙের জিন্স প্যান্টের ডান পকেট থেকে তিনটি নীল রঙের বায়ুরোধক পলিব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি পলিব্যাগে ছিল ২০০ পিস করে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এক সারণির ১০ ক ধারায় অপরাধ সংঘটিত হয়েছে।

তাদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করা হয়েছে।