back to top

স্বর্ণের নতুন দাম-দেশের ইতিহাসে সর্বোচ্চ,ভরি ২ লাখ ৫৭ হাজার

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৬:৪৩

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এই দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম ঠিক করা হয়েছে ২২ হাজার ৫০ টাকা।

প্রতি ভরি ১১ দশমিক ৬৬৮ গ্রাম হিসেবে এই মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।

রোববার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম বৃদ্ধির কথা জানিয়েছে। সোমবার থেকে এই দাম কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। একইভাবে বেড়েছে অন্যান্য সব মানের রুপার দাম।