back to top

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষকে বিজয়ী করতে হবে

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা দয়া করে ধানের শীষে ভোট দিলে এইবার বাংলাদেশে এমন একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যাতে ভবিষ্যতে কোনদিন আমাদের ভোটাধিকার কেউ হরণ করতে পারবে না।

গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার হরণ করতে পারবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চকরিয়া পৌরসভার কাজীরপাড়ার পথসভায় উপরোক্ত অভিমত ব্যক্ত করেছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিরতিহীনভাবে নির্বাচনী গণসংযোগে চষে বেড়াচ্ছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।

শনিবার নির্বাচনী প্রচারণার ৮ম দিনে নির্বাচনী গণসংযোগ করেন চকরিয়া পৌরসভা এলাকায়।

গণসংযোগের শুরুতেই চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি পৌরসভার বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দু পাড়া, কাজীরপাড়া, আমাইন্নারচর হালকাকারাসহ বেশ ক’টি ওয়ার্ডে গণসংযোগ করেন।

তার গণসংযোগে নারী-পুরুষ সকল শ্রেণিপেশার মানুষের ঢল নামে। এ সময় সালাহউদ্দিন আহমদ সকলের কাছে ধানের শীষে ভোট চান।

পৌরসভার ৩নং ওয়ার্ডের তরচঘাটের পথসভায় বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আমাদের সন্তানরা রক্ত দিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করেছে।

ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকার আদায়ে রক্ত দিতে না হয়, সেজন্য আমাদের এবার সঠিক সিদ্ধান্ত নিতে হবে- বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।

তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা,উন্নয়নের পরীক্ষিত দল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা,নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা শান্তি, নিরাপত্তা সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ নেতৃবৃন্দ।