back to top

বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:১৭

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া শিবিরে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা।

এক দশকেরও বেশি সময় পর এই প্রথমবার অস্ট্রেলিয়া তাদের ঐতিহ্যবাহী ‘বিগ থ্রি’ পেসারদের (মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড) কাউকেই ছাড়াই কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে চলেছে।

অনেক অনিশ্চয়তার পর অবশেষে অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন।

গত ১২ নভেম্বর শেফিল্ড শিল্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে হ্যাজলউড প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে।

অস্ট্রেলিয়া দল যখন শ্রীলঙ্কায় বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে, তখনো তিনি সিডনিতেই পুনর্বাসনে ব্যস্ত।

প্রাথমিকভাবে তাকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলেও, নির্বাচক টনি ডোডেমাইডের নিশ্চিত করেছেন যে, ৩৫ বছর বয়সী এই পেসারের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া প্রত্যাশার চেয়েও ধীর।

ডোডেমাইড এক বিবৃতিতে বলেন, “আমরা আশা করেছিলাম যে জশ হ্যাজলউড সুপার এইট পর্বের মধ্যে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন, কিন্তু সর্বশেষ ইঙ্গিতগুলো বলছে যে তিনি এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় নেবেন।

তার সুস্থতার প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হবে, যা আমরা নিতে চাই না।”
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাৎক্ষণিকভাবে কোনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা না করার সিদ্ধান্ত নিয়েছে।

ডোডেমাইড জানান, “আমরা মনে করি শুরুর ম্যাচগুলোর জন্য আমাদের পর্যাপ্ত বিকল্প রয়েছে, তাই পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

হ্যাজলউডের ছিটকে যাওয়া, প্যাট কামিন্সের ইঞ্জুরি এবং মিচেল স্টার্কের টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর—এই তিন ঘটনা মিলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।

২০১১ সালের মার্চের পর এই প্রথমবার অস্ট্রেলিয়া তাদের ‘বিগ থ্রি’ পেসারদের কাউকেই ছাড়াই কোনো বিশ্বকাপে নামছে।

বর্তমানে, ডানহাতি সুইং বোলার জেভিয়ার বার্টলেট এবং সিডনি সিক্সার্সের বাঁহাতি বোলার বেন ডোয়ারশুইস একমাত্র সম্পূর্ণ ফিট ফ্রন্টলাইন পেসার হিসেবে দলে রয়েছেন।

শন অ্যাবট ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে আছেন এবং হ্যাজলউডের বদলি হিসেবে তাকে মূল দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

এদিকে, নাথান এলিস হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন, তবে ১১ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে এখনো সংশয় রয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে যে, এলিস এবং তারকা ব্যাটার টিম ডেভিড দুজনেই “গ্রুপ পর্বের জন্য প্রস্তুত হওয়ার পথে রয়েছেন”।

অ্যাডাম জাম্পাকে আয়ারল্যান্ড ম্যাচের জন্য ফিট ঘোষণা করা হয়েছে, যা দলের জন্য কিছুটা স্বস্তি এনেছে।

শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনা করে, অস্ট্রেলিয়া টুর্নামেন্টের শুরুর দিকে স্পিন-নির্ভর কৌশল অবলম্বন করতে পারে।

অ্যাডাম জাম্পা, ম্যাথু কুহনেম্যান এবং কুপার কনোলি দলের প্রধান স্পিন বিকল্প। এছাড়া মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিনের মতো পেস-বোলিং অলরাউন্ডার আছেন দলে।