back to top

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান সিএমপি কমিশনারের

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৫৪

সিটিজি নিউজ টুডে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ক্যাম্প এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার সাধারণ ভোটারদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগের খোঁজ নেন।

তিনি ভোটারদের কোনো প্রকার ভয়ভীতি বা সংশয় ছাড়াই ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য প্রশাসন ও পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা সমস্যা আপনাদের নজরে আসে, তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।

কমিশনার বিশেষভাবে সনাতনী সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু এলাকাগুলোতে গিয়ে বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

তিনি তাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, ডা. রাজিব বিশ্বাস ও মো. নুর আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী।

প্রশাসনের এমন সরাসরি তদারকি ও আশ্বাসে স্থানীয় সাধারণ ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয়েছে।

তারা আশা প্রকাশ করছেন, একটি শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচন সম্পন্ন হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি