সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় বিশেষ এস ড্রাইভ অভিযান পরিচালনাকালে ৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম দামপাড়া এলাকার বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার বরে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গোপন তথ্য পেয়ে দামপাড়া এলাকার বাস কাউন্টারের সামনে অভিযান চালায় গোয়েন্দা টিম।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ৩ হাজার পিস এবং মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



