বান্দরবানে পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৭:২৭

পার্বত্য চট্টগ্রাম ডেস্ক : বান্দরবান পৌরসভার মেঘলা কানাপাড়া এলাকায় একসাথে নিখোঁজ হয়েছিলেন মা ও মেয়ে, আর ফিরলেনও একসাথে—তবে প্রাণহীন নিথর দেহ হয়ে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার মেঘলা পর্যটন এলাকার পার্শ্ববর্তী লালমোহন বাগান সংলগ্ন একটি উঁচু পাহাড়ের নিচ থেকে মা রমেসিং তঞ্চঙ্গ্যা (২৮) ও তাঁর চার বছরের শিশুসন্তান বৃষ্টি মার্মার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে রমেসিং তঞ্চঙ্গ্যা ও তাঁর মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার উঁচু এক পাহাড়ের নিচে তাঁদের পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজ দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িত কেউ থাকলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘলা এলাকা থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি