সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়েছে। থানায় এমন একটি অভিযোগ দায়েরের পর উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বাঁশখালী থানার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় সাতকানিয়া থানা পুলিশ। এসময় চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রামের রওশন আলীর ছেলে মো. হাসান (৩২) এবং গণ্ডামারা ইউনিয়নের বাদামতল কোনারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দিল মোহাম্মদ (২৬)।
পুলিশ জানায়, গত ১০ মার্চ সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাদুরপাড়া এলাকা থেকে দিদারুল আলমের ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পুলিশ তদন্তে নামে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে থাকে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
একপর্যায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের আদর্শ গ্রাম থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় এবং দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



