back to top

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১৫:০৪

বিশ্ব ডেস্ক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে গ্রেপ্তার করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার একদিন পরই এ পদক্ষেপ নেওয়া হলো।

শনিবার (২৮ মার্চ) কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়, নেপাল পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকার বাসা থেকে ওলিকে আটক করে।

একই সঙ্গে তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের প্রাণঘাতী বিক্ষোভে অবহেলার অভিযোগে ওলি ও লেখকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুলির নির্দেশ দেওয়ার সরাসরি প্রমাণ পাওয়া যায়নি।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে ব্যর্থতা ও দায়িত্বহীনতার কারণে হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।

এ ছাড়া ওই ঘটনায় আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে নেপাল পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চন্দ্র কুবের খাপুংও রয়েছেন।

গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে ৭০ জনের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে অন্তত ১৯ জন তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্প সময়ের নিষেধাজ্ঞা ঘিরে শুরু হওয়া এ বিক্ষোভ পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

সহিংসতায় সংসদ ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত ওলির সরকারের পতন হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি