চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পতেঙ্গার খেজুরতলা মাদ্রাসাগলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম স্বপন (৩৫), মো. আরিফ (৩১) ও মো. ইমরান (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের দেহ ও একটি মাইক্রোবাস তল্লাশি করে ৮টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, একটি ওয়াকিটকি, চারটি ভিন্ন নম্বর প্লেট, একটি স্টিলের ছোরা এবং একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
বুধবার এসব তথ্য নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


