মিরসরাইয়ে আগুনে বিধবা নুর নাহারের বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬ ১৭:১৫

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ৭ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে বিধবা নুর নাহারের শেষ সম্বল বমতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ নুর নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন, আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার তিন কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই।

রমজান মাসে এলাকার বিভিন্ন মানুষ আমাকে ফিতরা এবং যাকাত বাবদ ৫০ হাজার টাকা দিয়েছে। সেই টাকাগুলোসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, দুই বছর আগে আমার স্বামী মারা গেছে। তার মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থলে বসবাস করছি। সেটিও আজ আগুনে পুড়ে গেছে। আমি এখন ছেলেদের নিয়ে কিভাবে থাকবো।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলঙ মারমা বলেন, আমরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ক্ষতিগ্রস্থ পরিবারের ভাষ্যমতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি