আইন-আদালত ডেস্ক : চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল পৌণে ১১টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর রেজিস্ট্রারের দপ্তরে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন এবং তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন নেতাকর্মী।
এর আগে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করা হয়।
মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



