সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫), ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০), কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫) ও সাহেব আলী (৪৮)। তারা কুমিল্লার তিতাস এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগর এলাকায় একটি পাম্পে জ্বালানি নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ লাইনের কারণে গতি কমে যায়।
এ সময় ফটিকছড়ি থেকে ছেড়ে আসা একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ৩৭ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিকভাবে চালকের চোখে ঘুম থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর হাসান বলেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



