back to top

হরমুজে অনুমতি মেলেনি, শারজাহমুখী ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ১৪:১২

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে শারজাহ বন্দরে ফিরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, প্রায় ৪০ দিন ধরে আটকে থাকা জাহাজটি গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়।

এ অবস্থায় জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কমোডর মাহমুদুল মালেক বলেন, ইরান সরকারের নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা দেয়নি। কূটনৈতিক চ্যানেলে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে বলে জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় আপাতত শারজাহ বন্দরে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক।

জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে সক্ষম হলেও ইঞ্জিন সচল রাখতে হয় বলে পানির ব্যবহার রেশনিং করে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিকের সমপরিমাণ ‘ওয়ার অ্যালাউন্স’ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বিএসসি সূত্র জানায়, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে।

পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাইয়ের সূচি ছিল।

তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসসি।

কিন্তু হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি আবারও শারজাহ বন্দরে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি