সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই ৯ জনকে আটক করা হয়।
পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন—সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), টেকনাফ, মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।
র্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোটের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


