back to top

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা, নিহত হেলপার

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১০:৩৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালক।

আজ শনিবার ভোরে মহাসড়কের মিরসরাই উপজেলার রায়পুর এলাকার চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নেহাল উদ্দিন। আহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে চট্টগ্রামমুখী লেনে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি পেঁয়াজবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে পেঁয়াজবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ট্রাকের হেলপার রবিউল হোসেন গাড়ির ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে তারা ট্রাকের ভেতর থেকে রবিউল হোসেনের মরদেহ উদ্ধার করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই হেলপার মারা যান। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রম সংবাদ প্রতিদিন/আরএসপি