back to top

মায়ের ওপর নির্যাতন, মিরসরাইয়ে যুবকের জেল

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০৮:১৪

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ইমাম হোসেন মাদক কেনার জন্য তাঁর মা কহিনুর বেগমসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন। তাঁর এমন আচরণে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েন।

খবর পেয়ে সোমবার রাতে তাঁদের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ইমাম হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি