back to top

অটোরিকশা চালক হত্যায় চেতনানাশক চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৩:২১

চট্টগ্রামের আনোয়ারায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক আইয়ুব আলী হত্যা মামলার মূলহোতা মো. জামাল ও তার সহযোগী মো. আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতার জামাল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ‘গালকাটা জামাল’ নামে পরিচিত। অন্যদিকে আব্দুল জব্বার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী (৫৫) ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গাড়ির মালিক ছিলেন মো. আলী আহম্মেদ।

গত ২০ এপ্রিল সকালে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।

একই দিন দুপুরে আনোয়ারা উপজেলার শেখেরখীল সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তাঁকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর, ২৭ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, চেতনানাশক দ্রব্য প্রয়োগের কারণেই আইয়ুব আলীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অটোরিকশার মালিক মো. আলী আহম্মেদ আনোয়ারা থানায় হত্যা মামলা করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “প্রধান আসামি জামাল দীর্ঘদিন ধরে চেতনানাশক ব্যবহার করে অটোরিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি