চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–এ বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটেছে।
কোনো কোনো ফ্লাইট ডাইভার্ট হয়েছে, আবার কিছু ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে। একটি ফ্লাইট বাতিলও করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর মদিনা-চট্টগ্রাম রুটের ফ্লাইট BG138 বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় ডাইভার্ট করা হয়।
পরে ফ্লাইটটি দুপুর ২টা ১ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস–এর দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-342 চট্টগ্রামে অবতরণের পর ঢাকা যাওয়ার ক্ষেত্রে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বের মুখে পড়ে।
ফ্লাইটটি বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
একই সংস্থার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-105 বাতিল করা হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
অন্যদিকে ফ্লাইদুবাই–এর চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট FDB-564 প্রায় তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনায় এ ধরনের সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও স্বাভাবিক হবে।
বিজ্ঞপ্তিতে তথ্যগুলো নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



