পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কাছে দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ওই মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দীপেন দেওয়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
রাজনীতির পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দীপেন দেওয়ান ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন।
তার বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপ-জাতীয় বিষয়ক উপদেষ্টা।
দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকেই একমাত্র কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এদিকে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব কার হাতে যাচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



