নাবিকদের ইন্টার্নশিপ ও চাকরির সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রীর

মেরিটাইম খাতের সম্ভাবনা কাজে লাগানোর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩

মেরিটাইম সেক্টরে প্রবান্ধিক সম্ভাবনা ও দক্ষ জনবল থাকা সত্ত্বেও অতীতের সঠিক পরিকল্পনার অভাবে এই খাতের কাঙ্ক্ষিত বিকাশ ঘটেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অতীতের সমস্ত ব্যর্থতা দূর করে মেরিটাইম খাতকে আরও জনমুখী, কার্যকর ও আধুনিক করতে বর্তমান সরকার সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।

আজ সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার আনোয়ারাস্থ ‘বাংলাদেশ মেরিন একাডেমি’ মিলনায়তনে ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে’ (World Maritime Day) এবং একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দেশি-বিদেশি জাহাজে কাজ করা নাবিকদের ত্যাগ ও মানসিক দৃঢ়তার ভূয়সী প্রশংসা করে নৌমন্ত্রী বলেন, পরিবার থেকে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থেকে বিশাল সমুদ্রে দায়িত্ব পালন করা সহজ কথা নয়। এই মানসিক দৃঢ়তাই তাঁদের শক্তির মূল উৎস। পৃথিবীর ৭০ শতাংশ জলরাশিতে মাত্র ১৮ থেকে ২০ শতাংশ মানুষ কাজ করে পুরো বিশ্ববাসীকে প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করছেন।

নাবিকদের বহির্বিশ্বে বাংলাদেশের ‘অনন্য দূত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, শিপিং লাইনে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে অর্জনের ঘাটতিগুলো পূরণ করাই এখন মূল অগ্রাধিকার।

চট্টগ্রাম ও মংলা বন্দরকে দেশের অর্থনীতির প্রধান ‘হাব’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক আধুনিকায়নের ফলে ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। একই সাথে পণ্য খালাসের গতি বেড়েছে এবং জাহাজের গড় অবস্থান সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

তবে কেবল প্রযুক্তির অবকাঠামো তৈরি করলেই চলবে না উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, আমাদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন জরুরি। তা না হলে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সকল কিছু মুখ থুবড়ে পড়তে পারে।

মেরিন একাডেমি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ক্যাডেটদের ১ বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা যেন সঠিকভাবে কাজে লাগে, সে বিষয়ে জোর তাগিদ দেন মন্ত্রী।

ক্যাডেটদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বর্তমানে যে সকল বিদ্যমান সমস্যা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে, সে বিষয়ে মন্ত্রীকে সুনির্দিষ্টভাবে অবহিত করা হলে তিনি দ্রুততম সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেন।

এর আগে সকালে মন্ত্রী আনোয়ারাস্থ মেরিন একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান একাডেমি কমান্ডেন্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামিম।

একাডেমি প্রাঙ্গণে ক্যাডেটদের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন মন্ত্রী। পরবর্তীতে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালিতে তিনি নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে সারোয়ার জামাল নিজাম এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং ডিপার্টমেন্ট অব শিপিংয়ের মহাপরিচালক (ডিজি শিপিং) কমোডর শফিউল বারী বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, দেশি-বিদেশি জাহাজ মালিক প্রতিনিধি এবং সিঙ্গাপুর, চীন ও সাইপ্রাসের শিপিং সেক্টরের এজেন্টসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি