চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় এক প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলার প্রধান আসামি মঞ্জুরুল হককে (৬৪) জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মুহাম্মদ আবুল মনছুর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন।
মঞ্জুরুল হক মৌলভী পুকুর পাড় এলাকার মৃত মাহমুদুর রহমানের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন জানান, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর কুয়েতপ্রবাসী আজাদ হোসেন চান্দগাঁও থানায় চারজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, প্রায় ৩১ বছর ধরে প্রবাসে থাকা আজাদ হোসেনের মালিকানাধীন ‘আজাদ কলোনি’ নিয়ে মঞ্জুরুল হকের নেতৃত্বে এজাহারভুক্ত আসামিরা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মামলাটির তদন্ত শেষে চান্দগাঁও থানা পুলিশ গত ২৪ জানুয়ারি ২০২৬ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের দাবি, মামলার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মঞ্জুরুল হক আদালতে এ বিষয়ে বাদীর সঙ্গে দেওয়ানি মামলা চলমান রয়েছে—এমন তথ্য উপস্থাপন করে চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত অস্থায়ী জামিন নেন। তবে চলতি বছরের ২৪ জানুয়ারি চার্জশিট জমা পড়ার পরও তা আদালতে উপস্থাপনে বিলম্ব করা হয়।
সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট উপস্থাপন করা হলে বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন জানায়। শুনানি শেষে আদালত প্রধান অভিযুক্ত মঞ্জুরুল হকের জামিন আবেদন বাতিল করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতে চলমান রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



