চোখের রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্তকরণে শিক্ষকদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে দিনব্যাপী প্রাথমিক চক্ষু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও চোখের স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র কাটাছরায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জার্মানির ‘আন্দেরি হিলফি’ সংস্থার অর্থায়নে আয়োজিত কর্মসূচিতে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
প্রশিক্ষণে চক্ষু স্বাস্থ্যসেবা, চোখের সাধারণ সমস্যা শনাক্তকরণ, প্রাথমিক পরিচর্যা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন ডা. ডেভিড সরকার এবং অপটোমেট্রিস্ট (ফ্যাকাল্টি) মো. মাইনুদ্দিন খান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রেজারার ও ট্রাস্টবোর্ড মেম্বার মোহাম্মদ রেজওয়ান শাহিদী।
এসময় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সহকারী ফিল্ড অফিসার বোরহান উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে বিদ্যালয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সক্ষমতা বৃদ্ধিই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্যসেবার প্রসার আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



