back to top

চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী মামলার আসামি কাচ্চি কামাল সহযোগীসহ গ্রেপ্তার

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ০৯:৪৩

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও কথিত শীর্ষ সন্ত্রাসী মো. কামাল ওরফে ‘কাচ্চি কামাল’ (৪৫) এবং তাঁর প্রধান সহযোগী মো. বেলাল হোসেন (৪২) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার খুলশী থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল নগরের জাকির হোসেন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, মো. কামাল ওরফে কাচ্চি কামাল খুলশী থানার জালালাবাদ মুক্তিযোদ্ধা কলোনি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

তিনি স্থানীয়ভাবে যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি মো. বেলাল হোসেন খুলশীর কুসুমবাগ এলাকার মৃত হোসাইন মো. আলফাতের ছেলে। তিনি কাচ্চি কামালের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাকির হোসেন রোড এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া তাঁদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি