মহাসড়কজুড়ে রহস্যময় গুলিবর্ষণ, নিহত ১: আর্জেন্টিনা সমর্থকও গুলিবিদ্ধ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ১০:৫২

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে মাত্র আধাঘণ্টার ব্যবধানে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।

এ ঘটনায় ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকাজুড়ে মোট পাঁচটি গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এর মধ্যে তিনটি হামলা সংঘটিত হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে।

ঘটনাস্থলগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত ৪ মাইল দূরে ছিল।

ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এ প্রকাশিত দুই আর্জেন্টিনা সমর্থকের বর্ণনায়।

তারা জানান, উবারে করে স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় একটি গাড়ি তাদের গাড়ির পাশে এসে দুটি গুলি ছোড়ে। গুলিতে উবার চালকের পায়ে আঘাত লাগে।

প্রথম মুহূর্তে তারা ধারণা করেছিলেন, হয়তো গাড়ির টায়ার ফেটে গেছে। কিন্তু কিছুক্ষণ পর চালককে আহত অবস্থায় দেখে তারা বুঝতে পারেন, তাদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে।

ঘটনার পর পুলিশ তাদের একটি থানায় নিয়ে গিয়ে জবানবন্দি গ্রহণ করে। পরে পুলিশ সদস্যরা টহল গাড়িতে করে তাদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছে দেন।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ উবার চালকের আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে জীবনঝুঁকির বাইরে রয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, মহাসড়কে সংঘটিত তিনটি গুলিবর্ষণের সময় সংশ্লিষ্ট গাড়িগুলো পূর্বদিকে চলছিল। বাকি দুটি ঘটনা ঘটে শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোড এলাকায়।

এসব ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্কের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আহত চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কানসাস সিটি পুলিশের কর্মকর্তা জ্যাকব বেকিনা জানিয়েছেন, সব ভুক্তভোগী একই ধরনের তথ্য দিয়েছেন।

তাদের প্রত্যেকের দাবি, তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের যানবাহন লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রাণহানিহীন গুলিবর্ষণের ঘটনাগুলো খুব অল্প সময়ের ব্যবধানে সংঘটিত হয়েছে এবং সম্ভবত একই ব্যক্তি এসব হামলা চালিয়েছে।

তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে অবস্থান করছে বলে শনাক্ত করে পুলিশ।

এরপর সেখানে অভিযান চালানো হয়। তবে বুধবার সকাল ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কানসাস সিটি, কানসাস পুলিশও ১১ জুন সংঘটিত একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলায় ওই সন্দেহভাজনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সন্দেহভাজন এখনও পলাতক থাকায় এলাকাজুড়ে সতর্কতা জারি রয়েছে। পুলিশ তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তথ্যসূত্র: এবিসি নিউজ।