মাঠের সবুজ ঘাসে যখন শেষ বাঁশি বাজল, তখন কোটি ভক্তের হৃদয় ভেঙে চুরমার। মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের সেই নির্মম পরাজয়। আর তার সাথে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক জাদুকরের ট্র্যাজিক বিদায়গাথা।
ম্যাচ শেষের অন্তিম মুহূর্তে গোল করেও দলকে জেতাতে না পারার যে যন্ত্রণা, তা নেইমার জুনিয়রের চোখে-মুখে স্পষ্ট ছিল।
আর বিশ্বখ্যাত এই তারকার শূন্য হাতে বিদায়ের সেই বেদনা বিষাদের কালো মেঘ হয়ে ভর করেছে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও। প্রিয় দলের ও প্রিয় খেলোয়াড়ের এমন বিদায়ে শোকে স্তব্ধ দেশের তারকারা।
পরাজয়ের পর নেইমারের একটি বেদনাক্রান্ত ছবি নিজের ফেসবুক দেওয়ালে প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান।
জার্সিতে মুখ ঢাকা নেইমারের সেই অবয়ব যেন কোনো পরাজয় নয়, বরং এক টুকরো শোকের কবিতা। নেইমারকে ফুটবলের ‘দুঃখী রাজপুত্র’ সম্বোধন করে রওনক লিখেছেন-“ফুটবলের দুঃখী রাজপুত্র! বিশ্বকাপে ম্যাচের শেষ মিনিটে গোল দিয়ে শেষ হলো বিশ্বকাপ যাত্রা! মুকুটহীন রাজপুত্র তোমাকে ভালোবাসি!”
একই রকম আবেগঘন পোস্ট দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের দেওয়ালে। নেইমারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, “একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না। বিদায়, নেইমার জুনিয়র!”
শুধু অভিনেতারাই নন, নেইমারের জাদুতে মুগ্ধ অভিনেত্রীদের হৃদয়ও আজ ক্ষতবিক্ষত।
পরাজয়ের এই কঠিন মুহূর্তেও প্রিয় তারকার পাশেই দাঁড়িয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। নেইমারের লড়াকু মানসিকতাকে স্যালুট জানিয়ে তিনি লেখেন, “ব্যথা ও মারাত্মক ইনজুরি নিয়েও এগিয়ে গেছ, শান্তভাবে পেনাল্টি জালে জড়িয়েছ। তোমার জাদু আমরা চিরকাল মনে রাখব।”
এদিকে, ব্রাজিলের বিদায়ে যেন কথা হারিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে শোকের মাঝেও দলের প্রতি আনুগত্য প্রকাশে ভুল করেননি তিনি।
ব্রাজিলের লোগো সম্বলিত কালো জার্সিতে নিজেকে মুড়িয়ে, কান্না লুকিয়ে মুখে এক চিলতে হাসি নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তটিনী।
ক্যাপশনে লিখেছেন এক চিরন্তন ভালোবাসার সাতকাহন: “দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব।”
খেলার মাঠে জয়-পরাজয় থাকবেই, ট্রফি আসবে আর যাবে। কিন্তু নেইমার জুনিয়রের মতো শিল্পীরা ট্রফি ছাড়াও যে কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারেন, ঢাকাই তারকাদের এই বাঁধভাঙা আবেগ যেন তারই প্রমাণ।
ট্রফিহীন বিদায় হয়তো নেইমারকে ‘মুকুটহীন সম্রাট’ করে রাখল, কিন্তু ভক্তদের হৃদয়ে তার সিংহাসন চিরকাল অক্ষুণ্ন থাকবে।

