চকবাজারে ইন্টারনেট অফিসে ২ কোটির চাঁদাবাজি ও তাণ্ডব: মূলহোতা মাইকেলসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৮:২৩

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে ফিল্মি স্টাইলে হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ অর্থ লুটের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাব-৭।

ঘটনার মূল পরিকল্পনাকারী ও অন্যতম সংগঠক মাইকেলসহ হামলার সঙ্গে সরাসরি জড়িত ৯ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্সটি।

অভিযানে তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি মারাত্মক দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

শনিবার (১৮ জুলাই) দিনগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে র‍্যাব-৭ এর আভিযানিক দল তাদের আটক করতে সক্ষম হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর জালে আটক হওয়া আসামিরা হলেন-দলের অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং সাইফুদ্দিন (৩২)।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,ঘটনার সূত্রপাত গত ১১ জুলাই।

এদিন চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে।

ডেভিড ইমন নামে পরিচয় দেওয়া এক সন্ত্রাসী তার কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লক্ষ টাকা করে চাঁদা দাবি করে।

কোম্পানির স্বত্বাধিকারী এই মোটা অঙ্কের অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে চরম বিপর্যয়।

দাবিকৃত টাকা না পেয়ে গত ১৩ জুলাই পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি অজ্ঞাতনামা সন্ত্রাসী দল ডিডিএন অফিসে অতর্কিত অনুপ্রবেশ করে।

কী ঘটেছিল সেই অভিশপ্ত দুপুরে?
সন্ত্রাসীরা অফিসে ঢুকেই নারকীয় তাণ্ডব শুরু করে। অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কম্পিউটার, মূল সার্ভার মনিটর, ল্যাপটপসহ ইন্টারনেট সেবার কাজে ব্যবহৃত কোটি টাকার মালামাল মুহূর্তের মধ্যে ভাঙচুর করে ধ্বংসস্তূপে পরিণত করে।

এখানেই শেষ নয়, অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুটে নিয়ে চোখের পলকে ঘটনাস্থল ত্যাগ করে এই চক্রটি।

এই দুঃসাহসিক ও বর্বরোচিত হামলার ঘটনাটি স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার পর ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) এর ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলা পরবর্তী ছায়া তদন্তে নেমে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র‍্যাব-৭ হামলার মূল চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয় এবং শনিবার তাদের আইনের আওতায় আনে।

ব্যবসায়িক এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এই দ্রুত ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি