আইনশৃঙ্খলার কড়া নজরদারি এড়িয়ে এতদিন যারা নিজেদের আড়াল করে রেখেছিল, শেষ পর্যন্ত পুলিশের সুনির্দিষ্ট ছকেই ধরা পড়তে হলো তাদের।
চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগীসহ চার দাগি অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিদের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ বিদেশি অস্ত্র ও তাজা গুলি।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক আকস্মিক ও নিখুঁত অভিযানে এসব দুর্ধর্ষ আসামিদের কাবু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারকৃতরা সবাই একাধিক হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত চার অপরাধী হলেন-চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি দিদার ও আফসার। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধ জগতের পরিচিত মুখ বোরহান, এবং হাটহাজারী থানার চাঞ্চল্যকর আজম হত্যা মামলার প্রধান পলাতক আসামি দিদার (২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গোপন সুত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক হত্যা ও অস্ত্র মামলা ঝুলছে। অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের ফলে ওই অঞ্চলের অপরাধমূলক কর্মকাণ্ডে বড় ধরনের ধস নামবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এই সফল অভিযানের বিস্তারিত বিবরণ এবং গ্রেপ্তারকৃতদের অপরাধ জগতের অন্যান্য অজানা তথ্য প্রকাশ করতে খুব শীঘ্রই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

