চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী পুল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লবণবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা সজোরে ধাক্কা দিলে সিএনজির ৫ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন নারীসহ মোট পাঁচজন রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গভীর রাতে রায়খালী পুল সংলগ্ন আরাকান সড়কের পাশে একটি লবণ বোঝাই ট্রাক দাঁড় করানো ছিল। এ সময় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা ট্রাফিক পরিস্থিতি বুঝে ওঠার আগেই দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়।
বিকট শব্দে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীদের চিৎকার-চেঁচামেচিতে চারপাশের নিস্তব্ধতা ভেঙে পড়ে। শব্দ শুনে দ্রুত স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুর্ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন।
ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন-পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৫), পশ্চিম শাকপুরা ৪ নম্বর ওয়ার্ডের বাদল দাশের স্ত্রী রত্না দাশ (৪২) এবং মানিক দাশের স্ত্রী রুনা দাশ (৩০)।
এ ছাড়া দুর্ঘটনায় আঘাত পান অজিত দাশের মেয়ে পম্পি দাশ (১৫) এবং কৃষ্ণ দাশের মেয়ে বৃষ্টি দাশ (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।
তবে অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে অটোরিকশা চালক মো: সায়েম চমেক হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছে বলে জানান চালককের মামা মো. রুবেল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায় এবং সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

