চউক নতুন চেয়ারম্যানের ৬০ দিন: অনিয়ম ও জলজটের বিরুদ্ধে কঠোর বার্তা

অফিসে ৯টা, মাঠে কড়া নজরদারি: জিরো টলারেন্স থেকে মাস্টারপ্ল্যান

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১১:২৬

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের অনিয়ম, ফাইলবন্দি সেবা, জলজট ও অনিয়ন্ত্রিত ভবন নির্মাণের পুরোনো চেনা ছবিটা বদলাতে শুরু করেছে। দায়িত্ব গ্রহণের মাত্র ৬০ দিনের মাথায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (চউক) সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার এক দৃশ্যমান প্রচেষ্টা দেখা যাচ্ছে।

গত ১৪ জুন ২০২৬ দায়িত্ব গ্রহণের পর থেকে ১২ আগস্ট-এই ৫৯-৬০ দিনে প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো, নাগরিক সেবা সহজ করা, অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মানবিক সাড়া দেওয়ার ক্ষেত্রে এক ব্যতিক্রমী ভূমিকা পালন করেছেন চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

ঘড়ির কাঁটায় দপ্তর: প্রশাসনিক শৃঙ্খলা ও দ্রুত নাগরিক সেবা

দায়িত্ব নিয়েই চেয়ারম্যানের প্রথম নজর ছিল দাপ্তরিক শৃঙ্খলায়। প্রতিদিন সকাল ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে তিনি শুরু করেছেন সরাসরি তদারকি।

কেবল সময়ানুবর্তিতাই নয়, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ইমারতের নকশা ও ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদনের দীর্ঘসূত্রী প্রক্রিয়াকে দ্রুত ও স্বচ্ছ করার নির্দেশ দিয়েছেন।

সিডিএ অফিসে এসে কেউ যেন হয়রানির শিকার না হন-এটিকে প্রাতিষ্ঠানিক নীতির মূল শর্ত বানিয়েছেন তিনি।

নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ ও ভ্রাম্যমাণ আদালত

নগরের পরিকল্পিত রূপ নষ্ট করে তৈরি নকশাবহির্ভূত অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউক এখন কঠোর অবস্থানে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কল্পলোক আবাসিক এলাকা সহ বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ গুদাম ও অনিয়ম করা ভবন সিলগালা, জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সরকারি জমি দখল কিংবা খাল-নালায় বাধা সৃষ্টিকারীদের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তি পরিচয় শিথিল করা হচ্ছে না।

সড়কের যানজট নিরসনে হাসপাতালে পার্কিং নিশ্চিতের নির্দেশ

নগরের প্রধান সড়কগুলোতে বেসরকারি হাসপাতালগুলোর কারণে সৃষ্ট যানজট নিরসনে নতুন কৌশল নিয়েছেন চউক প্রধান। সরাসরি মাঠে নেমে হাসপাতালগুলোর অনুমোদিত নকশা, অগ্নিনিরাপত্তা এবং পার্কিং ব্যবস্থা পরীক্ষা করেছেন তিনি। সড়কে গাড়ি রাখা বন্ধ করে নিজেদের নির্ধারিত স্থানে পার্কিং নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে চূড়ান্ত বার্তা ও সময়সীমা বেঁধে দিয়েছেন।

৪২ বছরের রেকর্ড বৃষ্টি ও বন্যায় সামনে থেকে নেতৃত্ব

গত ৭ জুলাই চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪১২.৩ মিলিমিটার-যা বিগত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ, বৃষ্টিপাত হয়। এই জরুরি পরিস্থিতিতে ঘরে বসে না থেকে জলাবদ্ধতা নিরসনে সিডিএ’র উদ্ধারকারী ও পরিচ্ছন্নতা টিমকে মাঠে নামান তিনি।

পরদিনই বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে জরুরি সমন্বয় সভা করে খালগুলোর রেগুলেটর সচল রাখা এবং জলাবদ্ধতা দূরীকরণে একযোগে কাজ শুরু করেন।

কেবল শহর নয়, বন্যাকবলিত সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীর মানুষের কষ্ট লাঘবে চউকের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগও তিনি গ্রহণ করেন।

তিন মেগা প্রকল্প বাস্তবায়ন ও ‘মাস্টারপ্ল্যান ২০২৫-২০৫০’

চট্টগ্রামের ভাগ্য বদলে দেওয়ার তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প-জলাবদ্ধতা নিরসন প্রকল্প, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক। এসব প্রকল্প এলাকায় প্রবর্তক মোড়, হিজড়া খাল, চাক্তাই খাল পরিদর্শন করে নির্ধারিত সময়ে মানসম্মত কাজ শেষ করতে চসিক, ওয়াসা ও সেনাবাহিনীর সাথে সমন্বয় জোরদার করেছেন।

পাশাপাশি, চট্টগ্রামের আগামী ২৫ বছরের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান ২০২৫–২০৫০’ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়েছেন।

এতে নাগরিকদের প্রত্যক্ষ মতামত নিতে Web GIS প্ল্যাটফর্ম, ৬০ দিনের জনমত গ্রহণ এবং নগর পরিকল্পনাবিদ ও পরিবেশকর্মীদের পরামর্শ যুক্ত করা হচ্ছে।

বিনিয়োগ আকর্ষণ ও পরিচ্ছন্ন নগরের আহ্বান

চট্টগ্রামকে বিশ্বমানের নগরে রূপ দিতে চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় আধুনিক স্যাটেলাইট টাউন গড়ার জন্য দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন চউক চেয়ারম্যান।

একই সাথে নগরবাসীকে খাল-নালায় বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়ে সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গঠনে সবাইকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন।

সংস্কার, শৃঙ্খলা ও দৃশ্যমান কাজের মধ্য দিয়ে প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এক নতুন গতি ফিরে পেয়েছে।

দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক চউক গঠনের যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা বাস্তবায়িত হলে বীর চট্টলা কেবল একটি মেগাসিটিই নয়, বরং একটি টেকসই, আধুনিক ও বাসযোগ্য আন্তর্জাতিক নগরী হিসেবে গড়ে উঠবে-এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি