জেদ্দা থেকে চট্টগ্রাম ফেরা হলো না ছানোয়ারার,মাঝআকাশেই ঝরে গেল প্রাণ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৩:৪৬

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝআকাশে আকস্মিক অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

মৃত ওই নারী যাত্রীর নাম ছানোয়ারা বেগম (৫৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলায়।

পারিবারিক ও বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

উড্ডয়নের কিছু সময় পরই মাঝআকাশে ছানোয়ারা বেগম মারাত্মক অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর দেখে ফ্লাইটটি নিকটস্থ ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ (ডাইভার্ট) করানো হয়।

অবতরণের পর পরই দ্রুততম সময়ে ওই যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে মরদেহের আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষ করে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণের আনুমানিক প্রক্রিয়াদি শেষ করে বিজি১৩৬ ফ্লাইটটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফ্লাইটটি আজ বিকেল আনুমানিক ২:৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি