জেদ্দা থেকে এসেই বিপাকে শরীফ: হ্যান্ডব্যাগে মিলল বিপুল স্বর্ণালংকার

শাহ আমানতে কাস্টমস গোয়েন্দার অভিযান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২১:০০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে ১ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়িসহ এমডি শরীফ নামের এক বিমানযাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক-করসহ উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

ঘটনাটি ঘটে রবিবার সকালে। গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে জেদ্দা থেকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান শরীফ।

সকাল ১১টা ১২ মিনিটে ফ্লাইটি অবতরণের পর তিনি কোনো ধরনের স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন।

আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

তবে শুরুতে তিনি নিজের কাছে কোনো স্বর্ণ বহনের কথা সম্পূর্ণ অস্বীকার করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অন্যান্য সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস হলরুমে তার হ্যান্ডব্যাগটি তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। জব্দ করা এই সোনার মোট ওজন দাঁড়িয়েছে ১ কেজি ৪৮০ গ্রামে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এই স্বর্ণের বাজারমূল্য প্রায় পৌনে তিন কোটি টাকার ওপরে।

বিমানবন্দরগুলোতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এমন কড়া নজরদারি ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি