বোতলজাত পানির অস্বাস্থ্যকর চিত্র তুলে ধরে কারাবন্দি সাংবাদিক

রাজপথে ফুঁসে উঠলেন গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ২০:২৮

পানির কারখানার অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের চরম মাশুল গুনতে হলো সীতাকুণ্ডের এক সাংবাদিককে।

দৈনিক জনবাণী পত্রিকার সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীনকে দীর্ঘ ১৮ ঘণ্টা আটকে রাখার পর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

স্বাধীন সাংবাদিকতার ওপর এই আঘাতের প্রতিবাদে এবং সাংবাদিক জয়নালের অবিলম্বে মুক্তির দাবিতে এখন উত্তাল চট্টগ্রামের রাজপথ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা’ সীতাকুণ্ড উপজেলা কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, সীতাকুণ্ডের স্থানীয় ‘মুস্কান ড্রিংকিং ওয়াটার’ কারখানায় বোতলজাতকরণ প্রক্রিয়ায় মারাত্মক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র তুলে ধরে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিলেন জয়নাল আবেদীন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওই খবর প্রকাশের জের ধরে কারখানার এক কর্মকর্তা সাংবাদিক জয়নালকে ডেকে নিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নুরুলুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেন। এরপর দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা থানায় আটকে রেখে তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের এভাবে নির্যাতনের শিকার হওয়া এবং মিথ্যা মামলায় কারাগারে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক।

কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কে এম রুবেল।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সাবেক সভাপতি সোহাগ আরফিন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, তথ্যপ্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইন প্রয়োগের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা যাতে ক্ষুণ্ন না হয়, সে জন্য সাংবাদিক সংগঠনগুলো বারবার আন্দোলন করেছে।

এরপরও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অবিলম্বে জয়নাল আবেদীনসহ কারাবন্দি সকল সাংবাদিকের মুক্তির জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান।

সংবাদের তথ্য নিয়ে যেকোনো দ্বিমত থাকলে আইনি পথ খোলা থাকার কথা স্মরণ করিয়ে দেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাইফুদ্দিন রমিজ।

তিনি বলেন, প্রতিবেদনে কোনো অসংগতি থাকলে সংবাদমাধ্যমে বক্তব্য দিয়ে প্রতিবাদ কিংবা আদালতে যাওয়ার সুযোগ আইনসম্মত।

কিন্তু একজন সাংবাদিককে ১৮ থেকে ২০ ঘণ্টা থানায় আটকে রেখে মামলায় ফাঁসানোর এই প্রক্রিয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গু’র সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন শিবলু, দৈনিক গণকণ্ঠের আমজাদ হোসেন, আনন্দ টিভির ইমরান হোসেন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আর কে হেলাল, অর্থ সম্পাদক হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাকিব উদ্দিনসহ বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে উপস্থিত সাংবাদিক নেতারা একসুরে সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

একইসঙ্গে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ আহ্বান করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি