চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক পূর্বদেশের সাংবাদিক আবুল হোসাইন।
তাঁকে জিম্মি করে মারধর, পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
গত বুধবার (১৪ অক্টোবর) বিকেলে হালিশহরের রমনা আবাসিক এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
মামলার এজাহারে উল্লিখিত আসামিরা হলেন-মো. সাইফুল ওরফে ভেডা সাইফুল, সৈকত, মহিত, বাইট্টা বাবুল, রবিন ও অনিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সংবাদ সংগ্রহের কাজে রমনা আবাসিক এলাকার খালের পূর্ব পাড়ে যান সাংবাদিক আবুল হোসাইন।
সেখানে পৌঁছামাত্র অভিযুক্তরা পেছন থেকে তাঁকে ঘিরে ধরে এবং অনৈতিক কাজে এসেছেন দাবি করে চড়-থাপ্পড় মারতে থাকে।
একপর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে তাঁকে খালের পাড়ের একটি বিলের কাছে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁর মানিব্যাগে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর আরও দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা।
মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে পিন ব্যবহার করে চার দফায় মোট ৫৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।
অভিযোগে ভুক্তভোগী জানান, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তাঁর হাতে জোরপূর্বক অনৈতিক উপাদানের প্যাকেট ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়।
ঘটনাটি কাউকে জানালে বা আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হব তা কল্পনাও করিনি। আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপর ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা চালানো হয়েছে।
আশপাশের লোকজনের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় অভিযোগ দিয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার চাই।
এ বিষয়ে হালিশহর থানার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


