গভীর রাতে যখন পুরো এলাকা নিঝুম শান্ত, ঠিক তখনই মাদকের বিষাক্ত থাবা গুটিয়ে দিতে অভিযানে নামেন আইন প্রয়োগকারী সংস্থা ও উপজেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাকে মাদকমুক্ত করার ধারাবাহিক প্রচেষ্টায় ধরা পড়লেন মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত এক যুবক।
শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতের আঁধারে পরিচালিত এক বিশেষ অভিযানে আটক করা হয় তৌহিদুল ইসলাম বাপ্পী (২৮) নামের ওই যুবককে। পরে তাৎক্ষণিকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম বাপ্পী বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার আবদুল হাকিমের ছেলে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কেনাবেচা ও সরবরাহের অভিযোগ ছিল। শনিবার দিবাগত রাতে বোয়ালখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাতেনাতে আটক করা হয় তৌহিদুল ইসলাম বাপ্পীকে।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
আটককৃত বাপ্পীর অপরাধের সত্যতা নিশ্চিত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতির অংশ হিসেবেই এই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
বাপ্পীকে আটকের পর সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে সাজার আওতায় নিয়ে আসা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

