বিদ্যুৎ নিয়ে সমালোচনা, রাঙামাটিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

রাজীব সেন্স প্রিন্স প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৫

দুই দিনে রাঙামাটি কলেজ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

রাঙামাটিতে পৃথক দুটি ঘটনায় রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ নিয়ে সমালোচনার অভিযোগে কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভীকে এবং পরদিন বুধবার (২ সেপ্টেম্বর) মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তারের পর প্রচার সম্পাদক আরিফুল ইসলামকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আবু আবরার আলভী ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।

জেলা ছাত্রদলের পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের অধীন রাঙামাটি সরকারি কলেজ শাখার এই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিদ্যুৎ নিয়ে মন্তব্যের অভিযোগ

বিদ্যুৎ সংকট নিয়ে বক্তব্য দেওয়ার কারণে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন আবু আবরার আলভী। তার ভাষ্য, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার প্রতি আস্থা রেখেই তিনি জনদুর্ভোগের বিষয়গুলোতে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

আলভী বলেন, এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর মঙ্গলবার তিনি লিখিত জবাব দিয়েছেন। একই সঙ্গে দলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছেন। তবে সেদিন রাত ১০টার দিকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

তার অভিযোগ, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণেই তার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তারের পর বহিষ্কার

অন্যদিকে, বুধবার সকালে রাঙামাটি জেলা পুলিশ শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি, মাদকসেবী ও জিআর পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তারের তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম।

পুলিশ জানায়, আরিফুল ইসলাম রাঙামাটি কোতোয়ালি থানার একটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক মামলায় পরোয়ানা থাকায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনার পর একই দিন বিকেলে তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয় জেলা ছাত্রদল।

দুই নেতাকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুইজনকে বহিষ্কার করা হয়েছে।’